
পটুয়াখালী থেকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি আরিফ হাওলাদার (২৫)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্রে জানা যায়, ১৪ আগস্ট ২০২৪ তারিখ বিকাল ৩টা ১০ মিনিটের দিকে ভিকটিম (৩৬) তার মায়ের চিকিৎসার ওষুধ সংগ্রহের জন্য বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গাগরিয়া গ্রাম থেকে ভোলা যান। ওষুধ কেনা শেষে ফেরার পথে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যাত্রীবাহী নৌকায় আসামি আরিফ হাওলাদারসহ কয়েকজন ভিকটিমের পিছু নেয়।
ভিকটিম নৌকা থেকে নামার পর বাড়ির পথে এক পর্যায়ে মাছের ঘেরের সামনে পৌঁছালে আসামিরা তাকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে জোরপূর্বক গণধর্ষণ করা হয়।
পরে ভিকটিম নিজেই মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং–০২, তারিখ–১৮/০৮/২০২৪; ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড)। মামলার তদন্ত কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের গ্রেফতারের অনুরোধ জানিয়ে র্যাব–১০ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
এর প্রেক্ষিতে র্যাব–১০ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায়, র্যাব–৮ এর সহযোগিতায় পটুয়াখালী সদর থানাধীন ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে আরিফ হাওলাদারকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।